সাধারণত কোনো গ্রন্থের শুরুতে সংকলক বা লেখক সম্পর্কে জানার একটি স্বাভাবিক কৌতূহল থাকে। কিন্তু বক্ষমাণ সংকলনে তার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। কারণ, এখানে উপস্থাপিত প্রতিটি বিষয় সর্বজনীনভাবে স্বীকৃত, বিকৃতিমুক্ত এবং শুদ্ধ আল-কুরআনের অমিয় বাণী ও সুন্নাহর নির্যাস ছাড়া আর কিছুই নয়। এতে সংকলকের নিজস্ব কোনো চিন্তা, চেতনা বা কথা উপস্থাপনের সামান্যতম অবকাশ রাখা হয়নি।
পবিত্র কুরআনের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ একে ‘নূর’ বা আলো হিসেবে অভিহিত করেছেন (নিসা ৪:১৭৪)। এই নূর অন্ধকার দূর করে সঠিক পথ দেখায়। কুরআনের এই আলো দিয়েই পৃথিবীতে প্রচলিত রাজনীতি, অর্থনীতি, ধর্ম নীতি, শিক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা, সমাজব্যবস্থার ভুল ত্রুটি ও ক্ষতিকর বিষয় ও মতবাদগুলো শনাক্ত করে আত্মরক্ষা করা সম্ভব। কুরআনের অন্যতম পরিচয় হলো এটি ‘ফুরকান’ বা সত্য-মিথ্যার পার্থক্যকারী সূরা আল-ফুরকানের ১ নম্বর আয়াতে। এছাড়া এটি মুত্তাকী ও সাধারণ মানুষের জন্য ‘হুদা’ বা জীবন পরিচালনার গাইডলাইন (বাকারা ২:২, ১৮৫)।
এই সংকলনে কুরআন ও সুন্নাহর সেই হিদায়াত বা গাইডেন্সগুলো তুলে ধরার মধ্যেই সংকলকের যাবতীয় প্রচেষ্টা সীমাবদ্ধ। কারণ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কুরআনকে অনুসরণ করার জন্য (আন’আম ৬:১০৬, ১৫৩)। মানুষের জন্য অনুসরণ যেন সহজ হয়, সেজন্য তা অনুধাবন করাকে আল্লাহ সহজতর করেছেন (কামার ৫৪:১৭)। আবার কুরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি নিজেই নিজের সর্বোত্তম ব্যাখ্যা বা তাফসীর প্রদান করে (ফুরকান ২৫:৩৩)।
সংকলক কেবল এই কুরআনের নির্দেশনাগুলো অনুসরণের মাধ্যমে সংকলনটি সাজিয়েছেন মাত্র; এখানে তাঁর নিজস্ব কোনো শ্রেষ্ঠত্ব বা যোগ্যতার প্রশ্ন অপ্রাসঙ্গিক। বরং নবী মুহাম্মদ (সা.)-এর সেই পবিত্র বাণীই এখানে মূল অনুপ্রেরণা—“তোমাদের মধ্যে ওই ব্যক্তিই সর্বোত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়” (সহিহ বুখারী, হাদিস নং ৫০২৭)।
পরিশেষে, এই সংকলনের কোনো বিষয়ে কারো দ্বিমত থাকলে তার সমাধান পবিত্র কুরআনেই বিদ্যমান। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের নির্দেশ অনুযায়ী, যেকোনো মতবিরোধের চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ ও তাঁর রাসূলের (কুরআন ও সুন্নাহ) সিদ্ধান্তের দিকেই ফিরে যেতে হবে। তবে শর্ত হলো, বিচার বা ভুল ধরার ক্ষেত্রে উভয় পক্ষকেই কুরআন ও সুন্নাহর মৌলিক নীতি সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। অন্যথায় কোনটি সঠিক আর কোনটি ভুল, তা অনুধাবন করা সম্ভব হবে না।
অতএব, বিষয়ের গভীরতা, প্রয়োগ ও তাত্ত্বিক শুদ্ধতার কাছে সংকলকের ব্যক্তিগত পরিচয় এখানে অপ্রাসঙ্গিক। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।